ময়মনসিংহে পরীক্ষার নাম করে প্রতারণা
ময়মনসিংহে ছাত্রলীগের নামে প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা বলে ফি বাবদ কমপক্ষে ১০টি স্কুলের আট শতাধিক শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা করে আদায় করেছে একটি চক্র। গত ২৫ এপ্রিল ও গতকাল শুক্রবার পর পর দুটি তারিখে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা হয়নি। জেলা ছাত্রলীগ এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
প্রতারিত শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা যায়, এক মাস আগে থেকে ময়মনসিংহ শহরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জিলা স্কুল, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয় ও প্রগ্রেসিভ মডেল স্কুলসহ বিভিন্ন স্কুলে ‘মাতৃভূমি’ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ একটি প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজনের বিষয়টি প্রচার করে। এতে বলা হয়, জেলার ৬০০ মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ২৫০ টাকা করে বৃত্তি প্রদান করা হবে। বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা করে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে আদায় করা হয়। জেলার বিভিন্ন বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১০০ টাকায় ফরম কিনে।
বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের তিনজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, শর্ত অনুয়ায়ী ওই চক্র শিক্ষকদের ফরম বিক্রির শতকরা ১০ ভাগ করে দেয়। অনেক অভিভাবক অভিযোগ করেন, ছাত্রলীগ নামধারী প্রতারক চক্রের সম্পর্কে খোঁজখবর না নিয়ে শিক্ষকেরা শিক্ষার্থীদের পরীক্ষা দিতে উৎসাহিত করেছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ শহরের এডওয়ার্ড স্কুলে গিয়ে দেখা যায়, পরীক্ষা দেওয়ার জন্য শহরের মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়, প্রগ্রেসিভ মডেল স্কুলসহ আরও কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসেছে। বেলা আড়াইটায় পরীক্ষা শুরুর কথা থাকলেও আয়োজকদের কেউ না আসায় শিক্ষার্থী ও অভিভাবকেরা ফিরে যান। মুকুল নিতেকন উচ্চবিদ্যলয়ের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমরা শিক্ষকদের ওপর আস্থা রাখি। কিন্তু তাঁরাই যদি প্রতারক চক্রের সঙ্গে মিশে যান, তাহলে আমরা কাকে বিশ্বাস করব।’
দুপুরে এডওয়ার্ড স্কুলের সামনে স্কুলের নৈশপ্রহরী রমজান আলী বলেন, ‘আমরা কিছুই জানি না। এর আগে গত ২৫ এপ্রিল পরীক্ষার তারিখ থাকলেও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও ময়মনসিংহ জিলা স্কুলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। বিভিন্ন স্কুলের শিক্ষকেরাও আয়োজকদের নাম পর্যন্ত জানাতে পারেননি।’ খোঁজ নিয়ে মাতৃভূমি ফাউন্ডেশন নামের কোনো প্রতিষ্ঠান আছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন বানু বলেন, বিষয়টি যে প্রতারণা তা বোঝা যায়নি। তিনি আরও বলেন, শিক্ষকদের নয় ওই চক্র বিদ্যালয়ের দরিদ্র তহবিলে শতকরা ১০ টাকা করে দিয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি তাজউদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগ এ ধরনের কোনো পরীক্ষার আয়োজন করেনি। বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে সব কটি বিদ্যালয়কে ছাত্রলীগের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। এ ছাড়া থানায় জিডি ও স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।