ময়মনসিংহে পাটের বাজার মন্দা, চাষিরা বিপাকে
ধানের চেয়ে পাট চাষ সাশ্রয়ী হওয়ায় এবার ময়মনসিংহের চাষিরা গতবারের চেয়ে বেশি পাটের চাষ করেছেন। কিন্তু পাটের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। এদিকে অসৎ সরকারি কর্মকর্তাদের কারণেই বাজারে পাটের দাম পড়ে গেছে বলে অভিযোগ করেছেন পাট ব্যবসায়ীরা। কৃষকেরা জানান, বিদ্যুৎ, ডিজেল ও সারের দাম বাড়ায় অনেক কৃষকই বোরো ধান চাষ না করে তুলনামূলকভাবে সাশ্রয়ী পাট চাষের দিকে ঝুঁকেছেন। কিন্তু পাটের বাজার খারাপ হওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। এসব কৃষক জানান, চাষে খরচ কম হলেও পাট কাটা, আঁশ পচানো এবং রোদে শুকানো পর্যন্ত অনেক পরিশ্রম। তা ছাড়া এখানে একজন দিনমজুরকে এখন রোজ দিতে হয় ৩০০ টাকা করে। এ অবস্থায় এই বাজারমূল্য মেনে নেওয়া যায় না বলে জানান তাঁরা। ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ ও ঈশ্বরগঞ্জ বাজার ঘুরে জানা যায়, গত বছরের তুলনায় এবার এখানে পাটের দাম মণপ্রতি ৪০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত কম। এ বছর সরকার উন্নতমানের পাট মণপ্রতি এক হাজার ৪০০ ও নিম্নমানের মণপ্রতি এক হাজার ১০০ টাকা করে নির্ধারিত করেছে। কিন্তু চাষিরা অভিযোগ করেন, ব্যবসায়ীরা ভালো মানের পাট-ই প্রতি এক হাজার থেকে এক হাজার ১০০ টাকা করে কিনছেন। আর অপেক্ষাকৃত নিম্নমানের পাটের প্রতি ব্যবসায়ীরা কোনো আগ্রহই দেখাচ্ছেন না বলে অভিযোগ করেন চাষিরা। ঈশ্বরগঞ্জ বাজারে গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, অনেক কৃষক ভ্যানভর্তি পাট নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু ক্রেতা নেই। শম্ভুগঞ্জ বাজারের পাট ব্যবসায়ীরা স্বীকার করেন, তাঁরা সরকার নির্ধারিত দামের চেয়ে কিছুটা কমেই পাট কিনছেন। কারণ হিসেবে তাঁরা শ্রমিক খরচ ও গুদাম ভাড়া দিতে হয় বলে জানান। একই ধরনের কথা বলেন, ঈশ্বরগঞ্জের ব্যবসায়ীরাও। সেইসঙ্গে এখানকার ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, সরকারি কর্মকর্তারা নিজেদের পরিচিত কিংবা বেছে বেছে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকেই পাট কেনেন। আর ছোট ব্যবসায়ীদের পাটকে নিম্নমানের বলে ফিরিয়ে দেন।ব্যবসায়ী সিরাজুল ইসলাম, লোকমান মিয়া ও ইদ্রিস আলী অভিযোগ করেন, সরকারি কর্মকর্তাদের স্বজনপ্রীতির কারণে এ বছর পাট কিনে পুঁজি হারানোর ভয়ে শঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা।ঈশ্বরগঞ্জ সরকারি গুদামের ক্রয় কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম ব্যবসায়ীদের অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ‘নিম্নমানের পাট কেনার অনুমতি দেয়নি সরকার। তাই কোনো ব্যবসায়ীর কাছ থেকেই আমরা এ জাতের পাট কিনছি না।’ স্বজনপ্রীতির অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।