ময়মনসিংহে পিটিয়ে যুবক হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের আর কে মিশন রোডে গতকাল মঙ্গলবার দুপুরে জাকির হোসেন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। জাকিরের বাড়ি আর কে মিশন রোডেই। তিনি স্থানীয় একটি ওয়ার্কশপে ঝালাই মিস্ত্রির কাজ করতেন। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।এ ঘটনায় জড়িত সন্দেহে ওই এলাকা থেকে মতিন মিয়া (৪৫), কালা মিয়া (৪২), আবদুস ছালাম (৩৫) ও হালিমা খাতুনকে (৩৫) আটক করেছে পুলিশ।এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে বাসা থেকে জাকিরকে জোর করে ধরে পাশের একটি বাসায় নিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিকেল সাড়ে পাঁচটায় চিকিৎসক তাঁঁকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মুক্তার হোসেন জানান, নিহত ব্যক্তির দুই হাতে হাতুড়ি দিয়ে পেটানোর চিহ্ন স্পষ্ট। এ ছাড়া শরীরের অন্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। তবে সন্ত্রাসীরা হাতুড়ির পাশাপাশি অন্য অস্ত্রও ব্যবহার করে থাকতে পারে। নিহতের বাবা আবুল কাসেম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে সালাম ও মতিনকে মামলার আসামি করা হয়েছে।