ময়মনসিংহে পিডিবির ওপর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অ্যানালগ মিটার ব্যবহারকারী বিদ্যুৎ গ্রাহকদের গত আগস্ট মাসের বিলে ৩০ শতাংশ জরিমানা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ ব্যাপারে ময়মনসিংহে পিডিবির কর্মকর্তারা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশের কথা বললেও কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাঁদের ওপর ক্ষোভ প্রকাশ করেছে ময়মনসিংহের নাগরিক সমাজ।

বাড়তি বিদ্যুৎ বিলের ভোগান্তি নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে পিডিবির কর্মকর্তাদের সঙ্গে নাগরিক সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়। জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে সভায় ময়মনসিংহ নাগরিক আন্দোলন কমিটির লোকজনসহ বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকেরা ছিলেন।

সভায় পিডিবির উপবিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর আলম ৩০ শতাংশ জরিমানা আদায়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, অ্যানালগ মিটার সঠিক পাঠ না দেওয়ায় প্রতি মাসে ব্যবহূত বিদ্যুতের সঠিক মূল্য পাওয়া যায় না। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে অ্যানালগ মিটার ব্যবহারকারীদের জরিমানা করা হচ্ছে। তিনি আরও বলেন, এর আগের কয়েক মাস বিদ্যুৎ বিলের কাগজে গোয়েন্দা সংস্থার জরিপের বরাত দিয়ে ডিজিটাল মিটার ব্যবহার না করলে জরিমানা করা হবে বলে সিল লাগিয়ে দেয় পিডিবি।

কিন্তু নাগরিকেরা অভিযোগ করেন, ওই সিলটি এতই অস্পষ্ট যে তাতে কী লেখা আছে কোনোভাবেই পড়া যায় না। এমনকি ওই সিলের কোথাও বলাও ছিল না ডিজিটাল মিটার ব্যবহার না করলে কবে থেকে জরিমানা করা হবে।

সভায় ময়মনসিংহ নাগরিক আন্দোলন কমিটির সভাপতি আনিসুর রহমান খান মন্ত্রণালয়ের নির্দেশ-সম্পর্কিত প্রমাণপত্র নাগরিকদের সামনে দেখানোর অনুরোধ করেন। কিন্তু পিডিবির কর্মকর্তারা কোনো নির্দেশ দেখাতে পারেননি।

সভায় উপস্থিত নাগরিক প্রতিনিধিরা অভিযোগ করেন, মন্ত্রণালয় ৩০ শতাংশ জরিমানা করার কথা বলেনি। পিডিবির বিতরণ কেন্দ্রীয় অঞ্চল ময়মনসিংহের প্রধান প্রকৌশলী রইস উদ্দিন সরকারের একক ইচ্ছায় ওই জরিমানা আদায় করে গ্রাহকদের ভোগান্তিতে ফেলেছেন।