ময়মনসিংহে পুলিশের গুলিতে 'ডাকাত' নিহত
ময়মনসিংহে পুলিশের গুলিতে মাহবুব আলম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশের ভাষ্য, ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলরে গত বুধবার রাতে ডাকাতি করে পালানোর সময় গুলিবিদ্ধ হন মাহবুব আলম। পরে সেখান থেকে তাঁকে আটক করা হয়।
গতকাল দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে বলেন, রাতে বৈলরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক ও পণ্যবাহী কাভার্ড ভ্যানে ডাকাতি করছিল দুর্বৃত্তরা। জেলা গোয়েন্দা পুলিশ ডাকাতদের ধাওয়া করলে তারা একটি পিকআপ ভ্যানে পালানোর চেষ্টা করে। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ছুরি ছোড়ে। এতে পুলিশের উপপরিদর্শক পরিমল ও কনস্টেবল আবু শামা আহত হন। পুলিশও ডাকাতদের লক্ষ্য করে সাতটি গুলি ছোড়ে। একপর্যায়ে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মাহবুব আলম, আলমগীর মোল্লা, জহিরুল ইসলাম ও মানিক হোসেন নামের চার ‘ডাকাত’কে আটক করে।