ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী ও পুলিশ কর্মকর্তা নিহত
ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত মঙ্গল ও গতকাল বুধবার সদর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় সদর উপজেলার দাপুনিয়া এলাকায় মোটরসাইকেলে যাওয়ার পথে পেছন থেকে একটি বাস জেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরীফ ইসলামকে (৫০) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। তাঁর বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।অপরদিকে, গত মঙ্গলবার রাতে শহরের স্টেডিয়ামের সামনে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক পুলিশের উপপরিদর্শক (এসআই) তমশের উদ্দিন বিশ্বাসকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি মানিকগঞ্জ জেলার ঘিওর থানায়। তিনি প্রায় এক বছর ধরে পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেছেন, প্রকৌশলী শরীফ ইসলাম নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ কর্মকর্তা তমশের উদ্দিন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলা করেছে।