বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে প্রথম আলো-পেপসির যৌথ উদ্যোগে ময়মনসিংহে গতকাল সোমবার প্রথম দিনে অনুষ্ঠিত হলো ‘প্রথম আলো-পেপসি চেঞ্জ দ্য গেম: ওয়ার্ল্ডকাপ ক্রিকেট ক্যাম্পেইন’ রোড শো। বেলা ১১টায় শহরের মুমিনুনন্নিসা সরকারি মহিলা কলেজে ও বিকেল চারটায় ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে বিপুলসংখ্যক শিক্ষার্থী-শিক্ষক ও দর্শকদের উপস্থিতিতে এই গেম শো হয়। দুটি স্থানে বিজয়ী হয়েছেন ১৬ জন।গতকাল সকালে মুমিনুনন্নিসা সরকারি মহিলা কলেজে দুটি দলে ক্রিকেট খেলায় অংশ নিয়ে প্রথম হন রুমেছা খাতুন ও তারিকুল ইসলাম, দ্বিতীয় সানজিদা আক্তার ও সুমি মানখিন এবং তৃতীয় হন সম্পা, শিফা আক্তার, আতিক ও কামরুজ্জামান। গতকাল বিকেলে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে দুটি দলে অংশগ্রহণ করে প্রথম হন সফিকুল ইসলাম ও রাজা, দ্বিতীয় রাজা ও আনোয়ার হোসেন, তৃতীয় হন রিপন মিয়া, আহাদ মোহাম্মদ সাঈদ হায়দার, শামীম আল মামুন ও অনিম রহমান। দুটি স্থানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাধ্যক্ষ আবু তাহের, সহযোগী অধ্যাপক যামিনী কান্ত সরকার, সহকারী অধ্যাপক শিব্বির আহাম্মেদ, সহকারী অধ্যাপক আশীষ আল মাহমুদ প্রমুখ। গেম শো পরিচালনায় ছিলেন শুভাশীষ। আর সার্বিক সহযোগিতায় ছিল বন্ধুসভার সদস্যরা।