ছয় জেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের পৌরসভার দত্তপাড়া এলাকায় একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ নিহত হন পাঁচজন। সিরাজগঞ্জে দুটি ঘটনায় দাদি ও নাতনিসহ তিনজন এবং সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে পড়ে গেলে মারা যান দুজন। চুয়াডাঙ্গা ও কুমিল্লায় নিহত হয়েছে দুই শিশু।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফাতেমা খাতুন (৬৫), তাঁর পূত্রবধূ মনোয়ারা খাতুন (৩০), মনোয়ারার ছেলে সাকিব মিয়া (৭) ও আট মাস বয়সী মেয়ে খাদিজা আক্তার এবং অটোরিকশার চালক চান মিয়া (৩৫)। তাঁর বাড়ি নান্দাইল উপজেলার চারিআনি পাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথপুর গ্রামের মো. ইসহাক মিয়া ঢাকায় নির্মাণশ্রমিকের কাজ করেন। গতকাল পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার কবরস্থান এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা একটি ট্রাক তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসহাকের মা, স্ত্রী, ছেলে-মেয়ে ও অটোরিকশাচালকের। গুরুতর আহত হন ইসহাক মিয়া। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউল আলম খান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রাজিবুলের বরাত দিয়ে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় গতকাল বিকেলে নাতনি ইমা জাহানকে (৫) নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন রাশিদা খাতুন (৫২)। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বেলকুচি থানার পরিদর্শক তদন্ত মোসাদ্দেক হোসেন বলেন, সিরাজগঞ্জ-বেলকুচি সড়কের সুবর্ণসারা গ্রামের কাছে গতকাল দুপুরে লিয়াকত নামের এক পথচারীকে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী একটি মোটরসাইকেল চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের নেহেলপুর এলাকায় গতকাল ভোরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে নিহত হন ট্রাকচালক রওশন আলী (৩৫) ও আবদুল আজিজ (৩০)। রওশনের বাড়ি পাবনা জেলার আমিনপুরের মহেশখোলায়। আজিজের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
তালা উপজেলার জালালপুরের ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, ট্রাকটি একটি খননযন্ত্র (এক্সকাভেটর) নিয়ে উপজেলা সদরের দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। নিহত আজিজ এক্সকাভেটরের চালক।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বেলতলা রেলক্রসিংয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের আরোহী শিশু রাফিন নিহত হয়। এ ঘটনায় তার মা অ্যানি খাতুন (৩০), বোন রাফিয়া খাতুন (৮) ও নানা আনোয়ার হোসেন খান (৫৫) গুরুতর আহত হন।
নিহত রাফিন আন্দুলবাড়িয়া ইউনিয়নের মোক্তারপুর গ্রামের রিপন হোসেনের ছেলে এবং মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় গতকাল ভোর ছয়টার দিকে একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এ সময় কাভার্ড ভ্যানের আরোহী শিশু নাদিম (৯) নিহত হয়। আহত হন শিশুটির বাবা কাভার্ড ভ্যান চালক আলমগীর মিয়া (৪৫) ও তাঁর সহকারী মো. ইমন (১৮)। হতাহত ব্যক্তিদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা গ্রামে।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. তারেক বলেন, নাদিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বগুড়ার দুপচাঁচিয়ায় বগুড়া-নওগাঁ সড়কের কাহালুর বীরকেদার এলাকায় গতকাল দুপুরে দাঁড়ানো ট্রাকের সঙ্গে মুরগি বহনকারী পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত নূরুন্নবী (২৪) পিকআপ ভ্যানের শ্রমিক। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জের ধামাইনগর গ্রামের সুরুজ্জামানের ছেলে।