ময়মনসিংহে প্রায়ই চুরি-ছিনতাই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহর ও শহরতলিতে প্রায় প্রতিদিনই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। প্রায়ই শহরের কোনো না কোনো বাড়িতে চুরি ও রাতে শহরের বেশ কয়েকটি সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।
গত ২৬ সেপ্টেম্বর রাতে গ্রামীণ টেলিকম ময়মনসিংহ অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন রিকশায় করে সপরিবারে বাসায় ফিরছিলেন। শহরের বাঘমারা মোড়ে একটি মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে তাঁদের পথরোধ করে তাঁদের কাছ থেকে ব্যাগ, মুঠোফোন ও পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ভোরে প্রথম আলোর বিজ্ঞাপন নির্বাহী মনেশ অধিকারী সপরিবারে ঢাকায় যাওয়ার পথে পলিটেকনিক মোড়ে একদল ছিনতাইকারী তাঁদের কাছ থেকে চরটি মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মাজাহারুল ইসলামসহ দুই কিশোর শহরের পাটগুদাম মোড় থেকে টেম্পোতে করে ত্রিশাল বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। ভাটিকাসর এলাকায় তাঁরা ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাঁদের কাছ থেকে টাকা ও মুঠোফোন সেট ছিনিয়ে নেয়।
২৫ সেপ্টেম্বর রাতে সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তি টাঙ্গাইল বাসস্যান্ডে যাওয়ার পথে কাঁচিঝুলি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান। এ ছাড়া শহরের কেওয়াটখালী, মরাখলা, বাঘমারা ও বলাশপুর এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটছে। কেওয়াটখালী এলাকার জামাল আহমেদ জানান, গত তিন মাসে তাঁদের এলাকায় অন্তত ২০টি চুরির ঘটনা ঘটেছে। দিনের বেলায়ও খালি বাসা রেখে কর্মস্থলে গিয়ে আতঙ্কে থাকতে হয়।
মুঠোফোন সেবাদানকারী একটি প্রতিষ্ঠানের গ্রাহক সেবাকেন্দ্রের একজন কর্মকর্তা জানান, প্রতিদিন তাঁদের গড়ে ১০ জন পুরোনো গ্রাহককে নতুন সিমকার্ড (রিপ্লেস) দিতে হয়। নতুন সিমকার্ডের জন্য আসা বেশির ভাগ গ্রাহক জানান তাঁদের মুঠোফোন ছিনতাই হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডের থানার ওসি গোলাম সারোয়ার বলেন, পুলিশ আন্তরিকভাবে চেষ্টা করে। টহল জোরদার করায় ভোরের ছিনতাই কমে গেছে। তবে সন্ধ্যার পর বিছিন্ন কিছু ঘটনা ঘটে। এত বড় শহরে সব সময় সব জায়গায় টহল দেওয়া সম্ভব হয় না।