ময়মনসিংহে ফার্মেসির মালিককে তিন মাসের কারাদণ্ডাদেশ
ময়মনসিংহ শহরের কেওয়াটখালী বাজারের সেবা ফার্মেসিতে অভিযান চালিয়ে নেশাজাতীয় ইনজেকশন ও ওষুধ মজুদ করে বিক্রির দায়ে মালিক হুমায়ূন কবীর ভূঁইয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার হাসিনা বেগম গতকাল সোমবার বিকেলে এই দণ্ডাদেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহরের কৃষি বিশ্ববিদ্যালয় সড়কের ওই ফার্মেসির মালিক নিজেই মাদকজাতীয় ইনজেকশন পুশ করেন এবং মাদক সেবনের জন্য সেখানে আলাদা ব্যবস্থা রয়েছে—এমন তথ্যের ভিত্তিতে আদালত অভিযান চালিয়ে, ৩৪৯টি ইজিয়াম ইনজেকশন, ব্যবহার করা ৭৫টি সিরিঞ্জ, নেশাজাতীয় সিরাপ ও মেয়াদ উত্তীর্ণ বেশ কিছু ওষুধ জব্দ করেন। এ সময় ঘটনাস্থল থেকে ফার্মেসির মালিক হুমায়ূনকে আটক করা হয়। সহকারী কমিশনার হাসিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।