ময়মনসিংহে ফিরোজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজ সরকার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন। ছবিটি ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকা থেকে তোলা l প্রথম আলো
ফিরোজ সরকার হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল তাঁর আত্মীয়স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেন। ছবিটি ময়মনসিংহ শহরের কেওয়াটখালী এলাকা থেকে তোলা l প্রথম আলো

ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা কাদুরবাড়ী এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে হওয়া সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ফিরোজ সরকার (২৮) নিহত হওয়ার প্রতিবাদে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
এলাকাবাসী ফিরোজ সরকারকে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের তিন দিনের মধ্যে গ্রেপ্তার করার দাবি জানান।
ফিরোজ সরকারের মৃত্যুর ঘটনায় তাঁর মা ফিরোজা বেগম বাদী হয়ে গত রোববার রাতে হুমায়ুন কবীর ওরফে ভুট্টো, তাঁর ভাই নুরুল কবীরসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ স্বপন নামের এজাহারভুক্ত এক আসামিকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজের বাড়ি ময়মনসিংহ শহরের কেওয়াটখালী পাওয়ার হাউস সড়কে।
গতকাল বেলা ১১টার দিকে কেওয়াটখালী এলাকার মানুষ ছোট ছোট মিছিল নিয়ে কেওয়াটখালী বাইপাস এলাকায় জড়ো হন। পরে তাঁরা মিছিল নিয়ে পাটগুদাম ব্রিজ মোড় ঘুরে কেওয়াটখালী বাইপাস এলাকায় এসে সমাবেশ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ শেষ হয়। সমাবেশে বক্তারা ফিরোজ হত্যার ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের তিন দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে ময়মনসিংহ পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফা ফারুক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুনীল নারায়ণ, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ইসমত আরাসহ ফিরোজের প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, এজাহারভুক্ত আসামি স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত শনিবার রাতে ময়মনসিংহ শহরতলির দিঘারকান্দা কাদুরবাড়ী এলাকায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এ সময় সেখানে থাকা ফিরোজ সরকার সংঘর্ষ থামাতে গেলে তাঁকে গুলি করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফিরোজ মারা যান। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।