নিজেদের বসতভিটা রক্ষা করে প্রস্তাবিত জায়গায় নতুন শহর গড়ার দাবি জানিয়েছেন ময়মনসিংহের ব্রহ্মপুত্রের চর এলাকার মানুষ। গতকাল বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে বসতভিটা রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।
গতকাল দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আগে ময়মনসিংহ শহরের সি কে ঘোষ রোডে একই দাবিতে একটি মানববন্ধন করেন চরবাসী। পরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা রক্ষা কমিটি ঈশ্বরদিয়ার যুগ্ম আহ্বায়ক হোসাইন নূর মুহাম্মদ। তিনি বলেন, প্রশাসনের প্রস্তাবিত নকশা অনুযায়ী ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণ করা হলে চর এলাকার সাতটি গ্রামের ১৭ হাজার পরিবারের ৬০ হাজার মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ হতে হবে। বিপুলসংখ্যক মানুষের ঠাঁই কোথায় হবে, তার কোনো নিশ্চয়তা নেই। ইতিমধ্যে প্রশাসন চর এলাকায় জমি কেনাবেচা বন্ধ রাখার আদেশ দিয়েছে। এতে জরুরি প্রয়োজনে মানুষ জমি বিক্রি করতে পারছেন না। প্রশাসনের এই সিদ্ধান্তে চর এলাকায় মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। টাকার অভাবে অনেকে চিকিৎসা করাতে পারছেন না। প্রশাসনের এই সিদ্ধান্ত মৌলিক ও মানবাধিকারের লঙ্ঘন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ করে একটা গলফ খেলার মাঠ বানানোর পরিকল্পনা নকশায় রয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এটি হেঁয়ালি ছাড়া আর কিছুই না। উচ্ছেদের আওতায় পড়া এলাকায় ২৮ হাজার বাড়িঘর, প্রায় ৫০০ পারিবারিক কবরস্থান, ৩২টি প্রাথমিক বিদ্যালয়, ৩টি উচ্চবিদ্যালয়, ২৬টি মাদ্রাসা, ১৪টি ঈদগাহ, ৭টি বাজার, ৫০টি মসজিদ, ৪টি মন্দির ও ২টি মাজার রয়েছে।
লিখিত বক্তব্যের পর চর ঈশ্বরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদুল আলম জাহাঙ্গীর বলেন, ‘অধিগ্রহণের নকশার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁরা প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস, প্রধানমন্ত্রী এত মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ করে শহর গড়ার পরিকল্পনা করবেন না। আমরা নিজেদের বসতভিটা রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বসতভিটা রক্ষা কমিটি ঈশ্বরদিয়ার আহ্বায়ক মো. ওসমান গনি।