ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার জন্য সরকারের জমি অধিগ্রহণের প্রস্তাব পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে বসতভিটা রক্ষা কমিটি। গতকাল শনিবার ময়মনসিংহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দাবি জানানো হয়।
সরকারের জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় পাঁচ মাস ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন চরবাসী। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মোশাররফ হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ব্রহ্মপুত্র নদের পূর্বপারের পাঁচটি গ্রামের ৪ হাজার ৩৩৬ একর জমি নিয়ে বিভাগীয় শহর বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। এটি বাস্তবায়িত হলে ১৭ হাজার পরিবারের ৬০ হাজার মানুষ ও ২৮ হাজার বাড়িঘরের ক্ষতি হবে। এ ছাড়া ৪৭৫টি পারিবারিক কবরস্থান, ৩০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি উচ্চবিদ্যালয়, ছয়টি ঈদগাহ, পাঁচটি বাজার, ৪৭টি মসজিদ, ২৫টি মাদ্রাসা, ৪টি মন্দির, ২টি মাজারসহ প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হবে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমি অধিগ্রহণের সিদ্ধান্তের পর থেকে চরবাসীর জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। উচ্ছেদ-আতঙ্কে থাকা চরের বিভিন্ন পরিবারের বিয়ে ভেঙে গেছে। ব্যবসা-বাণিজ্য সংকুচিত হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়েছে। চরবাসীর পক্ষ থেকে স্পষ্টভাবে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, চায়না মোড় থেকে ব্রহ্মপুত্র নদের পূর্বপারে দুলাল বাড়িরচর পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এবং এক কিলোমিটার প্রস্থ এলাকায় খাসজমিসহ পাঁচ হাজার একর জমি অধিগ্রহণ করে ‘নতুন শহর’ গড়া হলে জনগণের ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কম হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরসিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, সিপিবির জেলা সভাপতি এমদাদুল হক, মহিলা পরিষদের জেলা সভাপতি ফেরদৌস আরা মাহমুদা প্রমুখ।