ময়মনসিংহে বসতভিটা রক্ষার দাবিতে সমাবেশ

বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আবারও সমাবেশ করেছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চারবাসী। গতকাল বুধবার বিকেলে সিরতা ইউনিয়নের কোনাপাড়া মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়সহ বিভিন্ন সরকারি কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগরী গড়ে তোলার জন্য সরকার চর এলাকায় প্রায় সাড়ে ৪ হাজার একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে চরবাসী নিজেদের বসতভিটা রক্ষার দাবিতে প্রায় দুই মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। গতকালের সমাবেশে চর এলাকার চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর আনন্দিপুর, চর ভনানীপুর ও চর দুর্গাপুর গ্রামের কয়েক শ মানুষ সমাবেশে যোগ দেয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘আমরা বিভাগ ও আধুনিক ময়মনসিংহ নগরীর পক্ষে। তবে এর জন্য আমাদের বসতভিটা ছাড়াও চর এলাকায় পর্যাপ্ত খাস জমি রয়েছে। সরকার ওই সব খাসজমি ব্যবহার করে আধুনিক ময়মনসিংহ নগর ও সরকারি অফিস নির্মাণ করতে পারে।’
বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন জমি অধিগ্রহণের সিদ্ধান্তের বিষয়ে প্রথম আলোকে বলেন, জমি অধিগ্রহণের সিদ্ধান্ত সরকারের। যাঁদের জমি অধিগ্রহণ করা হবে সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। বিভাগীয় শহরেই তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার।