ময়মনসিংহে বাণিজ্য মেলার নামে জুয়া ও হাউজি
জেলা প্রশাসনের অনুমোদন না নিয়েই এক সপ্তাহ ধরে ময়মনসিংহ শহরের কাচারিঘাটে ব্রহ্মপুত্র নদের চরে বাণিজ্য মেলার নামে চলছে জুয়া ও হাউজি। ময়মনসিংহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন মাঠে এক মাস ধরে বিশাল প্যান্ডেল তৈরি করে এসব চলছে।প্রতিদিন জেলা ও উপজেলা সদরে ৩০টি রিকশা ও আটটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে প্রকাশ্যে মাইকিং করে র্যাফল ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের নামে লাখ লাখ টাকার টিকিট বিক্রি করা হচ্ছে। মাইকিংয়ের কারণে এইচএসসি পরীক্ষার্থীসহ শহরবাসী ব্যাপক শব্দদূষণের শিকার হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অন্ধ কল্যাণ সমিতির সাহায্যের নামে বাণিজ্য মেলার আয়োজন করতে সদর আসনের সাংসদের সুপারিশসহ একটি আবেদন কয়েক সপ্তাহ আগে করা হয়। কিন্তু এইচএসসি পরীক্ষা সামনে বিবেচনায় জেলা প্রশাসন এ মেলার অনুমোদন দেয়নি।জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন কালাম বলেন, বাণিজ্য মেলার নামে অনুমতি নিয়ে পরে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির আয়োজন কারোরই কাম্য নয়। আর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন এ মাঠে অনুমোদন ছাড়া কী করে জুয়া ও হাউজি চলে! আসলে এগুলো হচ্ছে প্রশাসনের উদাসীনতার পরিচয়। অবিলম্বে এ আয়োজন বন্ধ করা হোক। জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া বলেন, মেলার জন্য জেলা প্রশাসন কোনো অনুমতি দেয়নি। তার পরও কীভাবে মেলা চলছে, তা পুলিশ প্রশাসন বলতে পারবে।