গত শনিবার প্রথম আলোতে ‘ময়মনসিংহে বাণিজ্য মেলার নামে জুয়া ও হাউজি’ শিরোনামে সংবাদ প্রকাশের পর গতকাল রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্য মেলায় অভিযান চালান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান থানার পুলিশ, পৌরসভার উচ্ছেদকর্মী ও গাড়ির সহযোগিতা নিয়ে এ অভিযান চালান। এ সময় মেলার আয়োজকেরা দ্রুত সটকে পড়ায় কাউকে পুলিশ আটক করতে পারেনি।অভিযানকালে প্রশাসনের অনুমতি না নিয়ে চলা এ বাণিজ্য মেলার প্রধান ফটক ও হাউজি খেলার প্যান্ডেলটি ভেঙে ফেলা হয়। এ সময় তিন বস্তা পরিমাণ হাউজি খেলার শিট, লটারি খেলার পট ও ঘুঁটি জব্দ করা হয়। একই সঙ্গে মেলার মাঠের ভেতরের শতাধিক দোকান ছাড়া বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাছাড়া তাৎক্ষণিকভাবে আদালত মেলার মাঠে জাদু প্রদর্শনী ও পুতুলনাচও আদালত বন্ধ করে দেন। ব্যাপক ক্ষতির কথা বিবেচনা করে আদালত মেলার মাঠের অভ্যন্তরের সব দোকান মালিককে ২৪ ঘণ্টার মধ্যে দোকানপাট সরিয়ে নিতেও ভ্রাম্যমাণ আদালত নির্দেশ দেন।