ময়মনসিংহে বাস খাদে পাঁচজন নিহত
ময়মনসিংহের সদর উপজেলায় গতকাল শনিবার একটি যাত্রীবাসী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হন কমপক্ষে ৩০ জন।
নিহত ব্যক্তিরা হলেন: আবদুল বারেক (৩৫), আবদুর রহিম (৩০), শুক্কুর আলী (৫০), মো. সুলতান (২৮) ও হাসমত আলী (৪০)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনার মদনপুরের ওরস থেকে ৫০ জনের মতো যাত্রী নিয়ে একটি বাস ময়মনসিংহ সদর উপজেলার বোরোরচরে ফিরছিল। বেলা ১১টার দিকে সদরের পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামে পৌঁছার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে হাসমত আলীর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, বাসের যাত্রীদের সবাই সদর উপজেলার পরানগঞ্জ ও বোরোরচরসহ আশপাশের চরাঞ্চলের বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে তাঁরা মদনপুরে শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমত (আ.)-এর মাজারে গিয়েছিলেন। সেখানে বার্ষিক ওরস চলছিল।
ধর্মমন্ত্রী মতিউর রহমান ও পুলিশ সুপার মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অতিরিক্ত যাত্রী বহন অথবা গাড়ির কোনো ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঁচজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ইবতেদায়ি পরীক্ষায় সরকারি বৃত্তি চালু
ইবতেদায়ি সমাপনী (পঞ্চম শ্রেণী) পরীক্ষায় উত্তীর্ণদের জন্য এই প্রথমবারের মতো সরকারি বৃত্তি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল শনিবার গাউসুল আজম কমপ্লেক্সে বক্তৃতার সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
প্রথমবারের মতো সরকারি বৃত্তি চালু উপলক্ষে শুকরিয়া মাহফিলে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় গত পাঁচ বছরে আওয়ামী লীগের শাসনামলে মাদ্রাসা শিক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।
ইবতেদায়ি সমাপনী পরীক্ষায় এবার থেকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বৃত্তি দেওয়ার বিষয়টি উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার থেকে পাঁচ হাজার মেধাবৃত্তি ও ১০ হাজার সাধারণ বৃত্তি দেওয়া হবে।
প্রতি মাসে প্রত্যেক মেধাবৃত্তিপ্রাপ্তকে ২০০ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্তদের ১৫০ টাকা দেওয়া হবে। তথ্য বিবরণী।