ময়মনসিংহে বাস বন্ধের খবর না জেনে টার্মিনালে গিয়ে ভোগান্তি
ময়মনসিংহ নগরের বাসিন্দা রিয়াজুল হাসনাত বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় যাবেন। সকালে ময়মনসিংহ নগরের মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে দেখেন ঢাকাগামী সব বাস বন্ধ। বাধ্য হয়ে তিনি মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যান। রিয়াজুল হাসনাতের মতো অনেক যাত্রী ময়মনসিংহ নগর ও আশপাশের উপজেলা থেকে মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে বাস বন্ধের খবর জেনে বিপাকে পড়েন।
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত বেহাল সড়ক সংস্কারের দাবিতে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ও ট্রাক বন্ধের ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা পরিবহন মোটর মালিক সমিতি। এই বন্ধের আওতায় রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার বাস ও ট্রাক।
আজ সকাল থেকে ময়মনসিংহ নগরের আকুয়া বাইপাস, শিকারিকান্দা বাইপাস ও মাসকান্দা টার্মিনালে দেখা যায়, বাস বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তাঁরা টার্মিনালে এসে বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
সকাল পৌনে ১০টার দিকে মাসকান্দা টার্মিনালে কথা হয় ফরহাদ হোসেন নামের এক তরুণের সঙ্গে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পারাণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন। বাস বন্ধ থাকায় তিনি বিপাকে পড়েন। ফরহাদ বলেন, তাঁর খুব জরুরি কাজে ঢাকায় যেতেই হবে। তিনি বিকল্প পথে ঢাকায় যাওয়ার উপায় খুঁজছেন।
২ জানুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহের পরিবহনমালিকেরা জানান, গাজীপুর সড়ক বেহাল থাকার কারণে বাস ও ট্রাক চলাচলে বাড়তি জ্বালালি পোড়ে এবং যন্ত্রাংশ বিকল হয় বাড়তি খরচ হয়। এ খরচের প্রতিদিনের হিসাবে প্রায় পৌনে দুই কোটি টাকা। যে কারণে তাঁরা বাস-ট্রাক চলাচল বন্ধ করতে বাধ্য হয়েছেন।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা আজ সকালে প্রথম আলোকে বলেন, বাস বন্ধের ব্যাপারে আজ সংবাদ সম্মেলন করা হবে। আপাতত বন্ধ ঘোষণা স্থগিত করা হতে পারে।