ময়মনসিংহে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাসচাপায় বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সালেহা খাতুন (৬০) ও তাঁর ছেলের স্ত্রী লতা বেগম (২২)। তাঁদের বাড়ি শরীয়তপুর জেলায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, সালেহা খাতুনের ছেলের নাম লালচাঁন। তিনি ভালুকার মাস্টারবাড়িতে অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করেন। ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন তিনি। ঈদ উপলক্ষে ছেলের কাছে বেড়াতে এসেছিলেন সালেহা। আজ সকাল পৌনে সাতটার দিকে সালেহা ও তাঁর ছেলের বউ লতা হাঁটতে বের হন। মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাঁদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।