ময়মনসিংহে বাসের চাপায় স্কুলছাত্রী নিহত, অবরোধ
ময়মনসিংহে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী মহাসড়কটি প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।নিহত স্কুলছাত্রীর নাম রুমেলা বেগম (৮)। সে চুরখাই চকনজু গ্রামের চান মিয়ার মেয়ে এবং চুরখাই রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, রুমেলা গতকাল দুপুরে স্কুল শেষে রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় ত্রিশাল থেকে ময়মনসিংহগামী একটি বাস তাকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় রুমেলা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ঝুটন কুমার বর্মণ জানান, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু এবং এ নিয়ে স্থানীয় জনতার সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।