ময়মনসিংহে বিএনপি ও পুলিশ সংঘর্ষে আহত ৩০
ময়মনসিংহে বিএনপির গণমিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার শহরের নতুন বাজার এলাকায় ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের এই সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়ন।থানার পুলিশ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে নতুন বাজারে বিএনপির (দক্ষিণ) কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। এতে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা বাধা অতিক্রম করে এগোতে চাইলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে পুলিশ বিএনপির স্থানীয় কার্যালয়ে ঢুকে এলোপাতাড়ি লাঠিচার্জ শুরু করে। সেখানে চারজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভাঙচুর করা হয় কার্যালয়ের চেয়ার-টেবিল। সংঘর্ষ নতুন বাজার, রামবাবু রোড, শ্যামাচরণ রায় রোডসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ইটপাটকেলে একটি ব্যাংকের নতুন বাজার শাখা ও বেশ কিছু দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেন অভিযোগ করেন, পুলিশের ধাওয়া ও বুলেটের মুখে তাঁদের নেতা-কর্মীরা অফিসে আশ্রয় নেন। এ সময় পুলিশ সেখানে ঢুকে বেধড়ক পিটিয়ে তাঁদের আহত করে।জেলা যুবদলের (দক্ষিণ) সভাপতি শাহ শিব্বির আহাম্মেদ ভুলু জানান, গুলিবিদ্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হয়েছেন যুবদলের নেতা মাহাবুবুল আলম, জহিরুল আসলাম, ইমাম আলী, ফজলুল হক ও মিজানুর রহমান। ভর্তি অবস্থায় তাঁদের আটক করে পুলিশ।কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩৫টি টিয়ার শেল ও ৮৮টি রাবার বুলেট ছোড়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।