ময়মনসিংহে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার গন্দ্রপা গ্রামে গতকাল শনিবার বিএনপির এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মো. আবদুল খালেক (৪৫) সদর উপজেলার আকুয়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল সকালে গন্দ্রপা গ্রামের নিজ বাড়িসংলগ্ন গন্দ্রপা বাজারে চাচাতো ভাইয়ের দোকানের সামনে বসে আবদুল খালেক তাঁর বাবা জবান আলীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় সাত-আটজনের একটি দুর্বৃত্ত দল দা ও চাপাতি দিয়ে হামলা করে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল খালেক মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে জানান, আবদুল খালেক এলাকার নজরুল ডাকাত নামের এক ব্যক্তির হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।