ময়মনসিংহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
ময়মনসিংহে বিএনপির সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় আলমগীর ও শামীম গ্রুপ কয়েক দফায় মঞ্চের সামনে ও মঞ্চে এসে হাতাহাতি ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শামীম গ্রুপের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হন বর্তমান কমিটির বেশির ভাগ পদধারী নেতা-কর্মী। এতে বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।এ ঘটনায় কেন্দ্রীয় নেতারা বারবার মাইকে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।পরিস্থিতি শান্ত হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তাঁর বক্তৃতায় বলেন, যে সরকার তাদের নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারে না, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। এ সরকারকে সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।শহরের টাউন হল চত্বরে ‘ব্যর্থ সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচন’-এর দাবিতে আয়োজিত বিক্ষোভ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিবাদী সরকার আখ্যায়িত করে তিনি আরও বলেন, এ সরকার মুখে আইনের শাসন, গণতন্ত্রের কথা বলে। কিন্তু মনেপ্রাণে একদলীয় মনোভাব পোষণ করে।ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, আবদুল কাইয়ূম, আবদুল আলিম, এ জেড এম জাহিদ হোসেন ও কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ জেলা-থানার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।