ময়মনসিংহে বিজ্ঞান জয়োৎসব শুরু

ময়মনসিংহে সিটি ব্যাংক-প্রথম আলো বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে সেখানে এই জয়োৎসবের উদ্বোধন করা হয়।
সকাল নয়টার দিকে ময়মনসিংহের শিল্পকলা একাডেমীর মাঠে জয়োৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী।
উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল হোসাইন, প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসান।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে। বিজ্ঞানমনস্ক জাতিই পারে নতুন বাংলাদেশ গড়তে।
ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০০ শিক্ষার্থী জয়োৎসবে বিজ্ঞান কুইজ ও প্রকল্প প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আঞ্চলিক পর্যায়ে বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। জাতীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ক্যাম্প এবং আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশগ্রহণের জন্য সহযোগিতা করা হবে।