ময়মনসিংহে বিদ্যুৎ-সংকটে ব্যাহত হচ্ছে বোরো আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় অসহনীয় লোডশেডিংয়ের কারণে বোরো ধানের আবাদ ব্যাহত হচ্ছে। কৃষকদের অভিযোগ, তাঁরা গড়ে পাঁচ ঘণ্টা করেও বিদ্যুৎ পাচ্ছেন না। ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বলছেন, দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সমস্যা হওয়ায় লোডশেডিং বেড়েছে।
ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা যায়, সদর, ঈশ্বরগঞ্জ, তারাকান্দা, ফুলপুর, ধোবাউড়া, হালুয়াঘাট ও গৌরীপুর উপজেলায় মোট ১ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে চলতি মৌসুমে বোরো আবাদ করা হয়েছে। জানুয়ারির মাঝামাঝি সময় থেকে বোরো চাষের মৌসুম শুরু হয়েছে। এপ্রিল মাসে কৃষকেরা ধান ঘরে তুলতে পারবেন।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর, ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, ধোবাউড়া, ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলা এ কার্যালয়ের অধীনে। চলতি বোরো মৌসুমে প্রতিদিন ৪৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। সাধারণত ২২ থেকে ২৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু ১৫ দিন ধরে পাওয়া যাচ্ছে মাত্র ১৪ মেগাওয়াট বিদ্যুৎ। জামালপুর ও আশুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কিছু সমস্যা হওয়ায় ওই দুটি কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে।
ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্রের চর এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাত দিন ধরে অনেক লোডশেডিং হচ্ছে। এতে কৃষকেরা বোরো জমিতে প্রয়োজনমতো সেচ দিতে পারছেন না। চর ভবানীপুর গ্রামের কৃষক আল মামুন গতকাল রোববার বলেন, সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা লোডশেডিং ছিল। লোডশেডিংয়ের কারণে গ্রামের সব কৃষক বোরো আবাদ নিয়ে চরম বিপাকে পড়েছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর গ্রামের কয়েকজন কৃষক বলেন, এক সপ্তাহ ধরে দিনে-রাতে মিলিয়ে তিন থেকে চার ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ার কারণে অনেক কৃষকের সেচপাম্প বিকল হয়ে পড়েছে। এভাবে চললে বোরো ধান ঘরে তুলতে পারবেন কি না, এ নিয়ে তাঁরা শঙ্কিত।
গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের মহীশ্যরণ গ্রামের কৃষক মো. সাখাওয়াত হোসেন বলেন, রাতে তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকলেও দিনের বেলায় থাকে না বললেই চলে।
ময়মনসিংহের হালুয়াঘাট, তারাকান্দা, ফুলপুর ও ধোবাউড়া উপজেলার ১০ জন কৃষক একই কথা বলেন। তাঁরা বলেন, কখনো টানা তিন থেকে চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আবার কখনো বিদ্যুৎ একবার আসে, একবার যায়।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রদীশ মণ্ডল বলেন, লোডশেডিংয়ের বিষয়টি তাঁরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিবকে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, মন্ত্রণালয় লোডশেডিং নিয়ন্ত্রণে আনার ব্যাপারে পদক্ষেপ নেবে।