ময়মনসিংহে বেহাল চার সড়ক
বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই ময়মনসিংহ শহরের চারটি সড়কের বেহাল হয়েছে। সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে ইটের খোয়া বের হয়ে গেছে। সেসব স্থানে তৈরি হয়েছে ছোট-বড় গর্তের। এর ফলে নিয়মিত ভোগান্তি পোহাচ্ছে শহরবাসী।
এই সড়ক চারটি হলো আনন্দ মোহন কলেজের সামনে দিয়ে যাওয়া ‘কলেজ রোড,’ কলেজ রোড-সানকিপাড়া সংযোগকারী ‘গুলকিবাড়ী রোড’, সেনবাড়ি-সানকিপাড়া সংযোগ সড়ক ‘এস এ সরকার রোড’ ও নতুন বাজার-পুরোনো ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড সংযোগকারী ‘বাউন্ডারি রোড।’
গতকাল সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, বাউন্ডারি রোডের পুরোনো ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড মোড় এলাকায় গর্তে বৃষ্টির পানি জমে আছে। প্রায় ৫০০ মিটার দীর্ঘ এ সড়কজুড়ে ছোট-বড় বহু গর্ত। ইটের খোয়া বের হওয়ায় চরম ভোগান্তি নিয়ে চলাচল করছে টেম্পো, ইজিবাইক ও রিকশা। বাউন্ডারি রোডে রয়েছে বেশ কিছু কোচিং সেন্টার। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয় সবচেয়ে বেশি। এক স্কুলছাত্র জানায়, তিন-চার মাস ধরেই বাউন্ডারি রোড চলাচলের অনুপযোগী। বর্ষাকাল আসার পর তো আরও খারাপ অবস্থা।
গুলকিবাড়ী সড়কটিরও স্থানে স্থানে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই তাতে পানি জমে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, প্রতিবছর বর্ষাকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সড়কটির খারাপ অবস্থার সৃষ্টি হয়।
আর কলেজ রোডের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ। প্রায় ৩০ হাজার শিক্ষার্থী আনন্দ মোহন কলেজে পড়েন। কলেজের সামনে দিয়ে যাওয়া এ সড়ক প্রতি বর্ষায় করুণ দশায় পরিণত হয়। সড়কের ছোট ছোট গর্তে কাদাপানি জমে থাকে। ভারী বৃষ্টি হলে সড়ক তলিয়ে যায়। তখন শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
যোগাযোগ করলে আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন বলেন, ‘আমরা কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কোনো উদ্যোগ নেই।’
এস এ সরকার সড়কটিরও একই অবস্থা। কার্পেটিং উঠে ইটের খোয়া বের হয়ে আছে। স্থানে স্থানে গর্ত। আর তাতে পানি জমে আছে। সড়কের দুই পাশের বাসিন্দাদের অভিযোগ, বর্ষার আগে সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালন করেছেন। কিন্তু দাবি পূরণ হচ্ছে না।
জানতে চাইলে ময়মনসিংহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিঞা প্রথম আলোকে বলেন, কলেজ রোডের সংস্কারকাজ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। পাশাপাশি একটি প্রকল্পের অধীনে বাকি তিনটি সড়কের জন্য আগামী জানুয়ারিতে দরপত্র আহ্বান করা হতে পারে।