ময়মনসিংহে বেহাল সড়কে ভোগান্তি

ময়মনসিংহ পৌরসভার মাজার শরিফ সড়ক এবং এস এ সরকার সড়ক দুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল পড়ে আছে। এতে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বর্ষা শুরুর আগে সড়ক দুটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসী বলেন, দীর্ঘদিন সংস্কার না করায় মাজার শরিফ সড়ক এবং এস এ সরকার সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকাল ছাড়া শুকনো মৌসুমেও নর্দমার পানি উপচে প্রায়ই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। স্থানীয় ব্যক্তিরা নিজেদের উদ্যোগে মাঝেমধ্যে নর্দমা পরিষ্কার করেন। এই অবস্থায় সড়কটি সংস্কারের জন্য গত বছরের বর্ষা মৌসুম থেকে এলাকাবাসী দাবি জানিয়ে আসছেন। ৬ ফেব্রুয়ারি মাজার শরিফ এবং এস এ সরকার সড়ক সংস্কারের দাবিতে এলাকার কয়েক শ মানুষ শহরের সানকিপাড়া এলাকায় মাজার শরিফ সড়কে প্রবেশের মুখ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। স্থানীয় কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে পৌরসভার মেয়র মো. ইকরামুল হকের সঙ্গে বিক্ষোভকারীদের কথা বলান। তখন মেয়র সড়ক দুটির সংস্কারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেনবাড়ি সড়ক থেকে শুরু হওয়া এস এ সরকার সড়ক ও সানকিপাড়া সড়ক থেকে শুরু হওয়া মাজার শরিফ সড়ক দুটিতে পিচ উঠে খোয়া বের হয়ে আছে। কোথাও কোথাও সড়কের ওপর কাদা পানি জমে আছে। এলাকাবাসী কোনোরকমে চলাচল করছেন। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃষ্টি না হলেও সড়কের পাশের নর্দমার পানিতে সড়কের বিভিন্ন স্থানে কাদা জমে থাকে। আর বর্ষা মৌসুমে সৃষ্টি হয় টানা জলাবদ্ধতা। তখন স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভোগান্তিতে পড়েন। মাজার শরিফ সড়কের বাসিন্দা মো. হামিদ মিয়া বলেন, শুকনা মৌসুমেই কাদা ও গর্তের কারণে এ সড়ক দিয়ে রিকশা আসতে চায় না। আর বর্ষায় তো সড়ক পানির নিচে থাকে। এলাকাবাসীর দাবি, আগামী বর্ষা মৌসুমের আগে সড়ক দুটি সংস্কার করা হোক। ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক বলেন, একটি প্রকল্পের আওতায় সড়ক দুটি সংস্কারের প্রস্তাব আছে। টাকা বরাদ্দ পেলেই সংস্কারের কাজ শুরু হবে।