ময়মনসিংহে মুখোশধারী সন্ত্রাসীদের হামলায় পাঁচজন আহত
ময়মনসিংহে মুখোশধারী সন্ত্রাসীদের অতর্কিত গুলি ও চাপাতির আঘাতে পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে শহরের কাঁচিঝুলি হামিদউদ্দিন রোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।চাপাতির আঘাতে ও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মশিউর রহমান ওরফে অপুসহ আহত অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সাধীন অপর চার ব্যক্তি হলেন—শহরের হামিদউদ্দিন রোডের মো. মাসুদ উদ্দিন (২৮), কাঁচিঝুলির মো. হেলাল উদ্দিন (৩০), আমিরুল হক (৩০) ও কলেজ রোড কবরস্থান এলাকার অঞ্জন কুমার দাস (৩৫)।থানা পুলিশ, এলাকাবাসী ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মশিউর রহমান অপু তাঁর চার বন্ধুকে নিয়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে শহরের কাঁচিঝুলি হামিদউদ্দিন রোডের শরীফ নামে এক ঠিকাদারের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে গল্প করছিলেন। এ সময় কালো কাপড়ের মুখোশ পরে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল সেখানে এসে অপু কে তা জানতে চায়? তাদের দুজনের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে তারা কয়েক রাউন্ড গুলি করে ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। গুলির শব্দ ও আহত ব্যক্তিদের চিত্কারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক গতকাল রাতে জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অপুর প্রতিপক্ষরা হামলা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।