ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহের সদর উপজেলার বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ওই রেলপথে দুই ঘণ্টা ধরে সব ধরনের চলাচল বন্ধ ছিল। ময়মনসিংহ জংশন রেলস্টেশনের রেল কর্মকর্তা হারুনর রশিদ জানান, শুক্রবার সকাল নয়টায় ময়মনসিংহ-জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে চলাচলকারী লোকাল ২৫১ নম্বর যাত্রীবাহী ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশন ছেড়ে যায়। সকাল ১০টার সময় বিদ্যাগঞ্জ ও নীমতলী রেলস্টেশনের মধ্যখানে চলন্ত ট্রেনের সামনে লেভেল ক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রেনের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ট্রাকটি রেললাইনের ওপর ছিটকে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আন্তনগরসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা পর কেওয়াটখালী লোকো থেকে উদ্ধারকারী যান ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই পুলিশের রেকার গিয়ে লাইন থেকে ট্রাক সরানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে রেলপথটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।