ময়মনসিংহে যানজটে নাকাল চার জেলার মানুষ
ময়মনসিংহ শহরে প্রবেশ ও বের হওয়ার পথে প্রায় প্রতিদিনই অসহনীয় যানজটে পড়ে নাকাল হতে হচ্ছে ময়মনসিংহসহ পার্শ্ববর্তী চার জেলার মানুষকে। পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল ঘিরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো সময় সৃষ্টি হচ্ছে এই অসহনীয় যানজট।ব্রহ্মপুত্র নদের ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুকে কেন্দ্র করে তিন দিকে সৃষ্টি হওয়া প্রায় প্রতিদিনের যানজট ময়মনসিংহের ফুলপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুর উপজেলা ও নেত্রকোনা, কিশোরগঞ্জ ও শেরপুর জেলাবাসীর প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় ময়মনসিংহ শহর থেকে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা ও জেলায় প্রতিদিন যাওয়া-আসা করা চাকরিজীবীদের। ময়মনসিংহ শহর থেকে ঈশ্বরগঞ্জের একটি বেসরকারি কলেজে প্রতিদিন ক্লাস করান জামাল আহমেদ। তিনি বলেন, ‘বিকেলে কলেজ থেকে ফেরার সময় প্রায় দিনই এক থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে শহরের ঢুকতে হয়। ভীষণ ক্লান্ত লাগে তখন। মাঝে মাঝে দেখা যায়, রোগী বহন করা অ্যাম্বুলেন্সও যানজটে আটকে আছে।’ ময়মনসিংহ ট্রাফিক বিভাগ জানায়, পাটগুদাম আন্তজেলা বাস টার্মিনাল-সংলগ্ন ট্রাফিক আইল্যান্ডকে কেন্দ্র করেই মূলত এই প্রতিদিনের যানজট। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে ঢাকার উদ্দেশে যাওয়া বাসগুলো যাত্রী ওঠানোর জন্য বাস টার্মিনালের ঢাকাগামী রাস্তার মোড় দখল করে দীর্ঘ সময় এলোমেলো দাঁড়িয়ে থাকে। এ ছাড়া চীন মৈত্রী সেতুতে কোনো ‘রোড ডিভাইডার’ নেই। এই সুযোগে ছোট ছোট যান ট্রাফিক সংকেত না মেনে গাড়ি চালাতে থাকে। এসব কারণে যানজট সৃষ্টি হয়।১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটায় দেখা যায়, বাস টার্মিনাল থেকে শম্ভুগঞ্জ বাজার পর্যন্ত ঢাকাগামী বাসের দীর্ঘ সারি। বিপরীত দিকে কেওয়াটখালী বাইপাস পর্যন্ত ঢাকা থেকে শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলাগামী বাসের দীর্ঘ সারি।ট্রাফিক বিভাগ জানায়, কয়েক বছরে ময়নসিংহের পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকে ঢাকাগামী বাসের সংখ্যা অনেক বেড়েছে। তাই সীমিত সামর্থ্যে যানজট নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে না। তা ছাড়া ট্রাফিক আইল্যান্ডে কোনো সিগন্যাল নেই। বাঁশি বাজিয়ে এত যান নিয়ন্ত্রণ করা অসম্ভব। ট্রাফিক বিভাগের পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ট্রাফিক আইল্যান্ডের চারদিকে রাস্তা এত অপ্রশস্ত যে নিয়ম মেনে একটা মালবোঝাই ট্রাকও ঘোরানো সম্ভব হয় না। এই রাস্তাটা সম্প্রসারণ এবং আইল্যান্ড-সংলগ্ন বাস টার্মিনালে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক প্রবেশপথ করা হলে যানজট নিয়ন্ত্রণ কিছুটা সম্ভব হতো। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগে বারবার আবেদন করা হচ্ছে।