ময়মনসিংহে যুব ইউনিয়নের প্রতীকী গণ-অনশন
রেল রক্ষার ১৬ দফা দাবিতে প্রবীণ রেলশ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মণ্ডলের ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে জেলা যুব ইউনিয়ন ময়মনসিংহ রেলস্টেশন চত্বরে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনশন শেষে প্রবীণ রাজনৈতিক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা শাখার সভাপতি কমরেড আবদুল আজিজ তালুকদার অনশনকারীদের অনশন ভাঙান। জেলা যুব ইউনিয়নের সভাপতি আবদুর রব মোশাররফের সভাপতিত্বে দুই ঘণ্টাব্যাপী এই প্রতীকী গণ-অনশনে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক কমরেড শেখ বাহার মজুমদার, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি ফয়জুর রহমান, জেলা মহিলা পরিষদের সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সাধারণ সম্পাদক মনিরা বেগম অনু, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক সারওয়ার কামাল রবীন, জেলা শিক্ষক সমিতির নেতা ফাহমিদা ইয়াসমিন রুনা, ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি কমরেড সুশান্ত দেবনাথ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাব্বির তালুকদার রবীনসহ সংগঠনের নেতারা।