ময়মনসিংহে রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রূপালী ব্যাংকের পোড়াবাড়ী শাখা ফুলবাড়ীয়ায় স্থানান্তরের প্রতিবাদে গতকাল বুধবার গ্রাহকেরা জেলা শহরে ব্যাংকের বিভাগীয় কার্যালয় ঘেরাও করেছেন। এ সময় তাঁরা সড়ক অবরোধ করে ব্যাংকের পোড়াবাড়ী শাখাটি আবার চালু করার দাবি জানান।পরে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রাধাকান্ত দাস বিষয়টি কর্তৃপক্ষকে গুরুত্ব দিয়ে জানানোর আশ্বাস দিলে গ্রাহকেরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন। ত্রিশাল উপজেলার মটবাড়ী, মোক্ষপুর, আমিরাবাড়ী ও আছিম পাটুলী ইউনিয়নের লোকজন গতকাল দুপুরে মিছিল নিয়ে শহরের ছোট বাজারে রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সামনে জড়ো হন এবং পোড়াবাড়ী শাখা আবার চালু করার দাবিতে স্লোগান দেন। এ সময় বিক্ষুব্ধ জনতা দুর্গাবাড়ী সড়ক অবরোধ করলে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। গ্রাহক মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ অনেকে জানান, ব্যবস্থাপক রমজান আলী চক্রান্ত করে তাঁর নিজ উপজেলায় শাখাটি স্থানান্তরের ব্যবস্থা করেন। গ্রাহকেরা এ বিষয়ে ব্যবস্থাপকের কাছে জানতে চাইলে তিনি স্থানান্তরের বিষয়টি অস্বীকার করেন। পরে কম্পিউটার, জেনারেটরসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিতে দেখে গ্রাহকেরা জানতে চাইলে রমজান আলী বলেন, ‘এগুলো নষ্ট হয়ে গেছে, তাই ঠিক করার জন্য নেওয়া হচ্ছে।’ গ্রাহকেরা জানান, পোড়াবাড়ী শাখায় পাঁচ হাজারের বেশি গ্রাহক রয়েছেন। এ শাখাটি চালু না করলে তাঁদের ব্যাংকের লেনদেনের জন্য ১৫ কিলোমিটার দূরে ফুলবাড়ীয়ায় যেতে হবে। ১৯৭৭ সালে স্থাপিত রূপালী ব্যাংকের পোড়াবাড়ী শাখাটি স্থানান্তর করার প্রতিবাদে এলাকাবাসী গত সোমবার এলাকায় হরতাল পালন করেন।