ময়মনসিংহে লোকাল ট্রেনে অতিরিক্ত ভাড়া আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ থেকে বিভিন্ন পথে চলাচলকারী কমপক্ষে চারটি লোকাল ট্রেনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। টিকিট কাউন্টারের বুকিং সহকারীরা টিকিটের দামের চেয়ে ২ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জ, যমুনা সেতুর পূর্ব পাড়, ভৈরব ও মোহনগঞ্জ পর্যন্ত চলাচলকারী লোকাল ট্রেন থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। ১১ জুলাই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জের ট্রেনের টিকিট কাটেন সুজন চন্দ্র বর্মণ। তিনি ময়মনসিংহ থেকে নান্দিনা (জামালপুরের একটি স্টেশন) যাবেন। ১২ টাকার টিকিটে তাঁর কাছ থেকে রাখা হয় ২০ টাকা। পরে এই প্রতিবেদকের সঙ্গে সুজন চন্দ্র আবার বুকিং সহকারীর কাছে গেলে বাড়তি টাকা ফেরত দেওয়া হয়। এ সময় ওই কাউন্টার থেকে জামালপুরগামী ট্রেনের টিকিট নেওয়া আবদুর রহমান, জয়নাল মিয়া ও রজব আলী নামের তিন যাত্রীও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন। তাঁদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকাও ফেরত দেওয়া হয়।জানা গেছে, ময়মনসিংহ থেকে ভৈরব ও মোহনগঞ্জগামী ট্রেনের যাত্রীদের কাছ থেকে টিকিটের দামের চেয়ে অন্তত পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। ১৩ জুলাই হাবিবুর রহমান, রেজুয়ান মিয়াসহ নয়জন ভৈরব যাওয়ার জন্য টিকিট কাটেন। এ পথের নিয়মিত এসব যাত্রী অভিযোগ করেন, টিকিটের গায়ে ৩৫ টাকা লেখা থাকলেও তাঁদের কাছ থেকে সব সময় ৪০ টাকা রাখা হয়।প্রধান বুকিং সহকারী দুলাল চন্দ্র বর্মণ বলেন, ভাঙতি না থাকলে হয়তো মাঝেমধ্যে বুকিং সহকারীরা দু-এক টাকা বেশি রাখেন। এটা নিয়মিত কিছু নয়। স্টেশন সুপারিনটেনডেন্ট আবু তাহের বলেন, কেউ এ বিষয়ে অভিযোগ করলে তদন্তসাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।