ময়মনসিংহে শাকিলের দাফন সম্পন্ন

চিরনিদ্রায় শায়িত হলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। গতকাল বুধবার বাদ মাগরিব ময়মনসিংহ শহরের বাঘমারার ভাটিকাশর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গত মঙ্গলবার রাজধানীর গুলশান-২ নম্বরের সামদাদো নামে একটি রেস্তোরাঁ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল বুধবার সকাল আটটার দিকে শাকিলের মরদেহ বারডেম থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদের নেতৃত্বে একটি দল মরদেহের ময়নাতদন্ত করে। ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, মাহবুবুল হক শাকিলের রক্ত, মূত্র ও ভিসেরা নমুনা পরীক্ষার জন্য রাখা হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে, তাঁর মৃত্যু কীভাবে হয়েছে। তাঁর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বড় ছিল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে কি না, তা জানতে ভিসেরা প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তাঁর মরদেহ ময়মনসিংহে নেওয়া হয়।
আমাদের ময়মনসিংহ অফিস জানায়, গতকাল বেলা আড়াইটার দিকে শাকিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স তাঁর বাঘমারার বাসভবনের সামনে পৌঁছায়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে বাঘমারার ভাটিকাশর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
এদিকে ‘আলামত’ যেন নষ্ট না হয় সে জন্য গুলশানের সামদাদো রেস্তোরাঁ এখনো বন্ধ করে রেখেছে পুলিশ। আর ‘সন্দেহভাজন’ কিছু না পাওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া ওই রেস্তোরাঁর সাত কর্মীকে মঙ্গলবার রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ।