ময়মনসিংহে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলা, আহত ১৫
ময়মনসিংহে বেসরকারি ‘কমিউনিটি বেজড্’ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিক্ষার্থীদের মধ্যে সাতজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজের শাকিল নামের তৃতীয় বর্ষের এক ছাত্র পঞ্চম বর্ষের কয়েকজন ছাত্রের সঙ্গে অশোভন আচরণ করেন। এর জের হিসেবে শাকিলকে হোস্টেলের একটি কক্ষে আটকে রাখা হয়। পরে শাকিলের বাবা এসে তাঁকে উদ্ধার করেন। শাকিলকে আটকে রাখার ঘটনায় তাঁর শিক্ষানবিশ চিকিৎসক ভাই ক্ষুব্ধ হন। পরে ওই ভাইয়ের প্ররোচনায় শিক্ষানবিশ চিকিৎসকদের একটি দল পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের পেটানোর হুমকি দেয়। একপর্যায়ে শিক্ষার্থীরা ২২৮ নম্বর কক্ষে আশ্রয় নেন। শিক্ষানবিশ চিকিৎসকেরা লাঠিসোঁটা হাতে ওই কক্ষের বাইরে অবস্থান নেন। তাঁরা পেট্রল ঢেলে ওই কক্ষে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন। হুমকির মুখে বেরিয়ে এলে শিক্ষার্থীদের লাঠিপেটা করেন তাঁরা।নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষানবিশ চিকিৎসক প্রথম আলোকে বলেন, ‘হামলার বিষয়টি ওরা বাড়িয়ে বলেছে। ওরাই বরং আমাদের ইন্টার্ন হোস্টেল জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল।’মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল তত্ত্বাবধায়ক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘হামলার খবর পেয়ে আমরা পুলিশ মোতায়েন করি।’