ময়মনসিংহে শিক্ষার্থীদের চরম আবাসন সংকট
শিক্ষাশহর হিসেবে পরিচিত ময়মনসিংহে সরকারি ও বেসরকারি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে যে আবাসন ব্যবস্থা রয়েছে, তা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। ফলে দেশের বিভিন্ন জেলা থেকে উচ্চশিক্ষা নিতে ময়মনসিংহে আসা প্রায় ৪০ হাজার শিক্ষার্থী আবাসন সংকটের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ মেডিকেল কলেজে আবাসিক সংকট না থাকলেও শত বছরের ঐতিহ্যবাহী সরকারি আনন্দ মোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি কলেজ, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, নাসিরাবাদ কলেজসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে চরম আবাসন সংকট রয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানেরই নিজস্ব আবাসন ব্যবস্থা নেই। এসব প্রতিষ্ঠানে হাতেগোনা যে কয়েকটি ছাত্রাবাস রয়েছে, সেগুলোর ধারণক্ষমতা মোট শিক্ষার্থীর ৫ শতাংশ। আনন্দ মোহন সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নান বলেন, বর্তমানে তাঁর কলেজে ১৮টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এর বিপরীতে রয়েছে তিনটি ছাত্রাবাস ও দুটি ছাত্রীনিবাস। এগুলোর ধারণক্ষমতা মোট শিক্ষার্থীর ৫ শতাংশেরও কম।মুমিনুন্নিসা সরকারি কলেজ অধ্যক্ষ মো. খুরশেদ উদ্দিন ঠাকুর বলেন, নয়টি বিষয়ে সম্মান ও ছয়টি বিষয়ে স্নাতকোত্তর, উচ্চমাধ্যমিকসহ কলেজের মোট শিক্ষার্থী সাড়ে ছয় হাজার। কলেজের দুটি ছাত্রীনিবাসে আসনসংখ্যা মাত্র ২৪০টি। বাকি সব ছাত্রীকে বাইরে মেস ভাড়া করে থাকতে হয়।ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. শওকত হোসেন বলেন, ‘বর্তমানে আমাদের সাতটি বিষয়ে মোট তিন হাজার ৮০০ শিক্ষার্থী ভর্তি রয়েছে। দুটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাসের মোট ধারণক্ষমতা মাত্র ৩১০ জন।’ ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে সিট না পাওয়া বাকি বেশির ভাগ শিক্ষার্থীকে শহরের বিভিন্ন এলাকায় বাসা অথবা মেস ভাড়া করে থাকতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের বাসা ও যাতায়াত ভাড়া বাবদ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। বিপাকে পড়েছে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা। তা ছাড়া মেসগুলোতে পড়াশোনার পরিবেশও তেমন সুবিধার নয়।শহরের কলেজ রোড, সানকিপাড়া, কাঁচিঝুলি, সেনবাড়ী, জামতলা এলাকার বিভিন্ন মেসে গিয়ে দেখা গেছে, ছোট ছোট ঘরে গাদাগাদি করে বাস করতে হচ্ছে ছাত্রদের। একটি ঘরে চারজনকে একসঙ্গে থাকতে হচ্ছে। মেস ভাড়া, খাবার খরচ, পত্রিকার বিল, গ্যাস ও বিদ্যুৎ বিল এবং যাতায়াত বাবদ মাসে প্রত্যেকের ব্যয় হয় দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা।আনন্দ মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্র জয়ন্ত কুমার পণ্ডিত বলেন, তাঁরা দুই ভাইবোন একই কলেজে পড়েন। প্রতি মাসে থাকা-খাওয়ার ব্যয়ভার বহন করতে গিয়ে তাঁদের পরিবারকে প্রচণ্ড চাপের মধ্যে পড়তে হচ্ছে। একই কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্র জুলহাস উদ্দিন জানান, মেসে সময়মতো পানি পাওয়া যায় না। একটিমাত্র টয়লেট ১৪ জনকে ব্যবহার করতে হয়। খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তাঁদের থাকতে হচ্ছে। তা ছাড়া নিজেদেরই বাজার ও রান্নার কাজ করতে হয়। এতে অনেক সময় ব্যয় হয়।আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আবদুল মান্নান বলেন, আবাসন-সংকট নিরসনের জন্য সরকারি উদ্যোগ প্রয়োজন। সরকারের উচিত বহুতল-বিশিষ্ট ছাত্রাবাস নির্মাণ করে শিক্ষাশহর ময়মনসিংহের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করে উচ্চশিক্ষার পথকে নির্বিঘ্ন করা।