ময়মনসিংহে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলা, একজনের ফাঁসি
ধর্ষণের পর শিশুকে হত্যার মামলায় ময়মনসিংহে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে দোষী ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম রফিকুল ইসলাম কাজল (২২)। তাঁর বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১২ সালের এপ্রিল মাসে সদর উপজেলার দড়িভাবখালি গ্রামের সাত বছরের শিশু সোনিয়া আক্তার বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সোনিয়াকে ওই দিন পাওয়া যায়নি। পরদিন বাড়ির পাশে সুতিয়াখালি নামাপাড়া গ্রামের একটি জঙ্গলে সোনিয়ার লাশ পাওয়া যায়। পরে প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সোনিয়াকে রফিকুল ইসলামের সঙ্গে যেতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, রফিকুল সোনিয়াকে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনায় শিশু সোনিয়ার বাবা বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় আটজন প্রত্যক্ষদর্শীকে সাক্ষী করা হয়।
আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন রফিকুল ইসলামের মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেন।