ময়মনসিংহে শুধু মুক্তাগাছায় কলঙ্কের দাগ

ময়মনসিংহের ভালো নির্বাচনে মুক্তাগাছা কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। সরকার দল-সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল আর প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে এখানে। তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে। গৌরীপুরেও কেন্দ্র দখলের চেষ্টা এবং ব্যালট পেপার ছিনতাই হওয়ার ঘটনা ঘটেছে। তবে সিলবিহীন এসব ব্যালট পরে পুকুরে পাওয়া যায়। স্থগিত কেন্দ্র তিনটি হলো মুক্তাগাছার বন্দগোয়ালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাটি তেরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলাপুর শহীদ মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। ময়মনসিংহে গতকাল শনিবার পাঁচটি উপজেলায় ভোট গ্রহণ হয়। ফুলপুর, ফুলবাড়িয়া ও ধোবাউড়ায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট গ্রহণ নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কমলাপুর শহীদ মুক্তিযোদ্ধা প্রাথমিক বিদ্যালয়ে সরকার-সমর্থক প্রার্থী বিল্লাল হোসেন সরকারের ঘোড়া প্রতীকের লোকজন কেন্দ্র দখল করে সিল মারা শুরু করেন। প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে হামলা ও ভাঙচুর চালানো হয়। উপস্থিত পুলিশের মাত্র দুজন সদস্য দুটি ফাঁকা গুলি ছোড়েন। পরে বিজিবি ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বেলা ১১টার পর ভোট গ্রহণ স্থগিত করা হয়। প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘কাউকে চিনতে পারিনি। ভোট গ্রহণের মতো পরিবেশ ছিল না। তাই বন্ধ করে দিয়েছি।’ প্রথম আলোর দুজন প্রতিবেদক মুক্তাগাছার সাতটি কেন্দ্র ঘুরে ঘুরে দীর্ঘ সময় নিয়ে পর্যবেক্ষণ করেন। এর মধ্যে অন্তত তিনটি কেন্দ্রে সরকার দল-সমর্থক প্রার্থীর লোকজনকে প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। কৃষ্ণপুর হাজী কিতাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপারে সিল মারার দৃশ্য ধারণ করতে গেলে দুজন স্থানীয় সাংবাদিককে মারধর এবং তাঁদের ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করা হয়। এই প্রতিবেদক বেলা পৌনে ১১টার দিকে ওই কেন্দ্রে গিয়ে দেখন, কোনো ভোটার নেই। দুজন স্থানীয় সাংবাদিককে পড়ে কাতরাতে দেখা যায়। এঁদের মধ্যে ফটোসাংবাদিক আদিলুজ্জামান বলেন, ‘একটি বুথে ৮-১০ জন যুবক বসে বসে সিল মারছিলেন। তিনটি ব্যালট বইয়ে টিপসই ও ঘোড়া প্রতীকে সিল মারার ছবি তোলার পর আমাদের মেরে ক্যামেরা কেড়ে নিয়ে ভেঙে ফেলেছে।’
ওই বুথের পোলিং কর্মকর্তা জেবুন্নাহার স্বর্ণা বলেন, ‘আচমকা কয়েকজন এসে ব্যালট পেপার জোর করে নিয়ে সিল মারতে শুরু করেন। আমি ভয় পেয়ে গেছি। আর কিছু মনে নেই।’ প্রিসাইডিং কর্মকর্তা আশুতোষ সরকার বলেন, ‘আমি কিছু বলতে পারব না। সবকিছু পজিটিভলি নেন।’ প্রায় এক ঘণ্টা পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ আবার শুরু হয়। কিন্তু পরের প্রায় এক ঘণ্টা তেমন ভোটার চোখে পড়েনি। কেন্দ্রটিতে মোট ভোট দুই হাজার ৮৩২। বেলা পৌনে ১১টা পর্যন্ত ৮৪৩টি ভোট পড়ে। যে বুথে সিল মারা হচ্ছিল, সেখানে ৩০০ ভোটের মধ্যে ২০০ গ্রহণ হয়ে যায়। এর আগে সকাল ১০টায় মুক্তাগাছা মহাবিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, মাঠ দখলে নিয়ে রেখেছেন সরকারি দলের নেতা-কর্মীরা। পাশাপাশি পুরুষ ও মহিলাদের দুটি কেন্দ্র। বিএনপি-সমর্থক প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। একটি বুথের দরজায় টুল পেতে ভোটার তালিকা থেকে নাম-ঠিকানা বের করে নির্দিষ্ট কিছু মহিলাকে স্লিপ ধরিয়ে দিয়ে ঘোড়া প্রতীকে ভোট দিতে পরামর্শ দিচ্ছেন এক তরুণী। জানতে চাইলে নিজেকে সরকার-সমর্থক প্রার্থীর মেয়ে (রিফাত আক্তার ওরফে তন্বী) পরিচয় দিয়ে ওই তরুণী বলেন, ‘মহিলারা নম্বর পাচ্ছে না। তাদের সহায়তা করছি।’
ওই কেন্দ্রের প্রতিটি বুথেই একসঙ্গে চার-পাঁচজন করে অবস্থান নিতে দেখা গেছে। বুথের বাইরে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক লীগের নেতা শফিকুল ইসলাম বলেন, ‘এটা আমাদের কেন্দ্র। আমাদের লোকজনের সুবিধা-অসুবিধা দেখছি।’ পাশের পুরুষ কেন্দ্রের একটি বুথে দুজন এজেন্টকে পাওয়া যায়। দুজনই সরকার-সমর্থক চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর। তাঁরা কিছুক্ষণ পরপর বাইরে গিয়ে দু-তিনজন লোক নিয়ে এসে ব্যালট দেওয়ার কথা বলছেন পোলিং কর্মকর্তাকে। তাঁদেরই একজন শফিকুল ইসলাম পোলিং কর্মকর্তাকে বলছেন, ‘৩৭৫ ও ৩৫৬ নম্বর কাটেন। কালি দিতে হবে না।’ পরে নিজেই সিল মেরে ভাঁজ করে তা বাক্সে ফেলেন তিনি। এই প্রতিবেদককে দেখিয়ে পোলিং কর্মকর্তা ইশারা করলে শফিক বলেন, ‘ভাই আপনি কে? সিল মারতে না পারলে চলে যান।’ বেলা সাড়ে ১১টার দিকে রাম কিশোর মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরকার-সমর্থক প্রার্থীর কিছু লোক একটি বুথে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সাংবাদিকেরা ভেতরে প্রবেশ করতে চাইলে বাধা দেওয়া হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী আসার পর তাঁরা সটকে পড়েন। এ সময় প্রায় এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
গৌরীপুরে: গৌরীপুর উপজেলার পাচাশি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটায় দুর্বৃত্তরা প্রার্থীর তিনটি ব্যালট বই ছিনতাই করে এবং বিকেলে সেগুলো পাশের পুকুরে পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ বলেন, ‘দুই কেন্দ্রে সামান্য ঘটনা ঘটেছে। ভোট গণনার পর বোঝা যাবে কী পরিমাণ ব্যালট ছিনতাই হয়েছে।’