ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভালুকা-ঘাটাইল সড়কে গতকাল বুধবার কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদ (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। রাশেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে।
দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের সবার বাড়িই সিরাজগঞ্জ জেলায়। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঘাটাইল উপজেলা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে পাঁচজন যাত্রী ভালুকায় আসছিলেন। ভালুকা-ঘাটাইল সড়কের ভালুকা উপজেলার নারাঙ্গী এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মো. রাশেদ, হেকমত আলী, নুরে আলম ও ইমরান আহত হন। তাঁদের দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে রাশেদের মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, হতাহত ব্যক্তিরা সবাই ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। কর্মস্থল থেকে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।