ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ময়মনসিংহের ভালুকা ও গৌরীপুর উপজেলায় গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন আবদুল হক খান (৬৫) ও নুরুজ্জামান (৩৫)।
ভালুকা হাইওয়ে পুলিশ, গৌরীপুর থানা-পুলিশ ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জমিরদিয়া এলাকায় গতকাল শনিবার সকালে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই আবদুল হক খান নিহত হন। তাঁর বাড়ি দিনাজপুর জেলায়। তিনি কিছুদিন আগে ভালুকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। গতকাল শনিবার ভোরে জমিরদিয়া এলাকার একটি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী মাছভর্তি একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গতকাল বিকেলে গৌরীপুর উপজেলার শিবপুর বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নুরুজ্জামান আহত হন। পরে গুরুতর অবস্থায় ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। নুরুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ এলাকায়।