ময়মনসিংহে সন্ত্রাসীদের পিটুনিতে আহত ছাত্রের মৃত্যু, গাড়ি ভাঙচুর
ময়মনসিংহ শহরে গত বৃহস্পতিবার সন্ত্রাসীদের পিটুনিতে আহত নবম শ্রেণীর ছাত্র রাব্বি লস্কর (১৬) গতকাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রাতে এলাকায় লাশ পৌঁছানোর পর উত্তেজিত লোকজন শহরে সড়ক অবরোধ করে পৌর মেয়রের গাড়িসহ ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ও নিহত রাব্বির পরিবার সূত্রে জানা গেছে, শহরের কালিবাড়ী এলাকার বাসিন্দা ও থান কাপড়ের ব্যবসায়ী হারুন লস্করের ছেলে রাব্বি স্থানীয় মুকুল নিকেতনে নবম শ্রেণীতে পড়ত। পাশাপাশি সে তার বাবার কাপড়ের দোকানে বসত। রাব্বির বড় ভাই রায়হান লস্কর জানান, গত বৃহস্পতিবার দুপুরে রাব্বির সমবয়সী দুজন ছেলে এসে দোকান থেকে তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তাঁরা খবর পান বাঘমাড়া মেডিকেল গেট রেলক্রসিং এলাকায় স্থানীয় সন্ত্রাসী ও কৃষ্ণপুর এলাকার বাসিন্দা রাসেল রানা ও তার ভাইয়েরা রাব্বিকে একটি ক্লাবে আটকে লাঠি দিয়ে বেদম পিটিয়েছে। তাঁরা লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে তাকে রাতে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করেন। গতকাল শুক্রবার দুপুরে সে মারা যায়। এদিকে গতকাল রাত আটটার দিকে লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং পাটগুদাম র্যালির মোড় এলাকায় সড়ক অবরোধ করে। সেখানে তারা ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এ ছাড়া জেসি গুহ রোডে পৌর মেয়রের গাড়িও ভাঙচুর করে। পরে পুলিশ রাব্বির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় শত শত লোক থানায় ভিড় করে রাব্বি হত্যার বিচারের দাবি জানায়। তাদের শান্ত করতে পৌরসভার মেয়র ইকরামুল হক থানায় যান। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রাব্বির বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন।