ময়মনসিংহে সম্মাননা পেলেন নয় ব্যক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৬ ও ২০১৭ গত রোববার ঘোষণা করা হয়েছে। এতে শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নয় গুণী ব্যক্তি ও একটি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

গত রোববার রাতে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পকলা একাডেমি সূত্রে জানা যায়, ২০১৬ সালে কণ্ঠ সংগীত শাখায় মো. সালাম উদ্দিন খান, নাট্যকলায় অরবিন্দ সরকার, লোকসংস্কৃতিতে স্নেহাশীষ চৌধুরী, চারুকলায় নির্মল চন্দ্র মোদক ও যাত্রাশিল্পে গৌরী রানী দে এবং ২০১৭ সালে কণ্ঠ সংগীতে মো. আনোয়ার হোসেন, নাট্যকলায় হোসাইন আহাম্মদ গোলন্দাজ, সৃজনশীল সংস্কৃতি গবেষক শাখায় ফরিদ আহমেদ দুলাল, আবৃত্তিতে আমজাদ দোলনকে সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া আঞ্চলিক সৃজনশীল সংগঠন হিসেবে ময়মনসিংহের বহুরূপী নাট্যসংস্থাকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।