ময়মনসিংহে সরকারি কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের স্বদেশী বাজারের একটি আবাসিক হোটেল থেকে গতকাল রোববার সরকারি এক কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুল বাকী (৪৮)। তিনি রেলওয়ে কেওয়াটখালীর প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত গুদাম সংরক্ষক।পুলিশের ভাষ্য, শনিবার রাত আটটায় আবদুল বাকী ভুল তথ্য দিয়ে মতিন গেস্ট হাউসের একটি কক্ষ ভাড়া নেন। গতকাল বিকেল পর্যন্ত ওই কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে কক্ষের জানালা ভেঙে ভেতরে ঢুকে লাশ উদ্ধার করে। নিহত বাকীর সঙ্গে তাঁর একটি পরিচয়পত্র পাওয়া যায়। জানা যায়, কেওয়াটখালীর রেলওয়ে স্টাফ কোয়ার্টারে আবদুল বাকী একা থাকতেন। তাঁর পরিবারের লোকজন নোয়াখালীতে বসবাস করে। নিহত আবদুল বাকীর মেয়ের জামাই গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শনিবার শ্বশুরের সঙ্গে আমার শাশুড়ির মুঠোফোনে কথা হয়েছে। তিনি বেতন পাওয়ার কথা জানান এবং ওই দিন বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।’ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলী আহাম্মেদ গতকাল সন্ধ্যায় জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।