ময়মনসিংহে সাবেক সিভিল সার্জনের ওপর হামলা, বন্দুক লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকায় গত বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের হামলায় সাবেক সিভিল সার্জন আজিজুল ইসলামসহ পাঁচজন আহত হয়েছেন। সন্ত্রাসীরা আজিজুলের কাছ থেকে তাঁর লাইসেন্স করা একটি দুই নলা বন্ধুকও ছিনিয়ে নেয়। ৫০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে।আহত অন্য ব্যক্তিরা হলেন আজিজুলের স্ত্রী বিলকিস বেগম, বুয়েট-পড়ুয়া ছেলে ইফতেখারুল ইসলাম, ভাই সফিকুল ইসলাম ও বাড়ির পাহারাদার জহিরুল। এঁদের মধ্যে আজিজুল ও ইফতেখারুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পরদিন গত শুক্রবার বিলকিস বেগম বাদী হয়ে ফিরোজ মাহমুদ, ফখরুল আলম, শহিদুল ইসলাম, আরিফ রব্বানী, ঝন্টু, আবদুস শহীদ ও অজ্ঞাতনামা ১৫-২০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।মডেল থানার পুলিশ ও ওই পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে শহরের কৃষ্টপুরে পাদ্রি মিশন হাসপাতাল-সংলগ্ন এলাকায় নিজের ১৩ শতাংশ নিজ জমিতে বাড়ির নির্মাণকাজ শুরু করেন আজিজুল। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফিরোজ মাহমুদের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল এসে সাবেক ওই চিকিত্সা কর্মকর্তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাঁকে হত্যার হুমকি দেয়। এ সময় আজিজুল পাশেই ভাড়া করা বাড়ি থেকে লাইসেন্স করা দুই নলা বন্দুক নিয়ে এসে সন্ত্রাসীদের চলে যেতে বলেন। সন্ত্রাসীরা উল্টো তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বন্দুক ছিনিয়ে নেয়। সদর মডেল ওসি গোলাম সারোয়ার জানান, হামলার ঘটনায় করা মামলার তদন্ত চলছে। লুট করা বন্দুকটি উদ্ধারের চেষ্টা চলছে।