ময়মনসিংহে সেনাসদস্য, মাগুরায় কৃষক চুয়াডাঙ্গায় চরমপন্থী নিহত
ময়মনসিংহে এক সেনাসদস্য, মাগুরায় এক কৃষক ও চুয়াডাঙ্গায় এক চরমপন্থী সদস্য খুন হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল শুক্রবার ভোররাতের মধ্যে এসব খুনের ঘটনা ঘটে।খুন হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা সেনানিবাসের ৩৩ আর্টিলারি ব্রিগেডের ল্যান্স করপোরাল মাহবুব আলম (৩৬), মাগুরার শ্রীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক আবদুস সালাম মণ্ডল (৫০) ও চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গার সদস্য শাহাদত হোসেন ওরফে জামাল (২৭)।ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ময়মনসিংহ: কোতোয়ালি মডেল থানার পুলিশ ও মাহবুবের পরিবারের ভাষ্যমতে, কুমিল্লা সেনানিবাস থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের আকুয়া খালপাড় স্থানে ভাড়া বাসায় পরিবারের কাছে আসেন মাহবুব। রাত দুইটার পর কে বা কারা তাঁর বাসার দরজায় কড়া নাড়ে। দরজা খুলতেই অস্ত্রধারী তিন সন্ত্রাসী ভেতরে ঢুকে মাহবুবের স্ত্রী শিল্পী আক্তারকে বেঁধে ফেলে। সন্ত্রাসীরা মাহবুবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে সন্ত্রাসীরা বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহবুবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মাহবুবের গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার কাইটাল গ্রামে।ঘটনার পর গতকাল সকালে নিহত মাহবুবের স্ত্রী শিল্পী আক্তার পুলিশ ও সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী দুই মাস আগে আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে দেশে ফেরেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।শিল্পী দাবি করেন, বিদেশে থাকার সময় টাকা নিয়ে সহকর্মী কয়েকজনের সঙ্গে তাঁর স্বামীর বিরোধ ছিল। এ ছাড়া শহরের চুকাইতলায় কেনা জমি নিয়েও কয়েকজনের সঙ্গে বিরোধ ছিল। এসব কারণে মাহবুব খুন হতে পারেন।এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পী একেক সময় একেক কথা বলছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। তাই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মাহবুবের বড় ভাই মেহেদী হাসান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।মাগুরা: শ্রীপুরের দুর্গাপুর গ্রামের নিহত কৃষক আবদুস সালাম মণ্ডলের স্ত্রী অরুণা বেগম প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর স্বামী আবদুস সালাম বৃহস্পতিবার রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোরে কে বা কারা সালামের ঘাড়ের বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। চিৎকারে ঘুম ভেঙে গেলে তিনি সালামকে গুরুতর আহত অবস্থায় দেখেন। কিছুক্ষণের মধ্যে সালামের মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক বলেন, আবদুস সালাম দুর্গাপুর গ্রামের অসচ্ছল কৃষক। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে। চুয়াডাঙ্গা: বৃহস্পতিবার রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি জমি থেকে শাহাদত হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। শাহাদতের বাড়ি আলমডাঙ্গা উপজেলার রুইতনপুর গ্রামে।বৃহস্পতিবার রাতেই অজ্ঞাত স্থান থেকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আকাশ পরিচয় দিয়ে এক ব্যক্তি চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গায় শাহাদতকে হত্যার দায়িত্ব স্বীকার করে বক্তব্য দেন। ওই ব্যক্তি দাবি করেন, শাহাদত পার্টির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করায় দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে খতম করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী বলেন, নিহত শাহাদত চরমপন্থী সন্ত্রাসী। তিনি চুয়াডাঙ্গা ও মেহেরপুরের গাংনী এলাকায় থেকে নানা অপরাধ করে বেড়াতেন।