ময়মনসিংহে স্কুলছাত্র হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহ শহরে ছুরিকাঘাতে নিহত ইশতিয়াক আহমেদ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল রোববার দুপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভে নিহত ইশতিয়াকের সহপাঠী, স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
এর আগে দুপুরে ময়মনসিংহ শহরের সিটি কলেজিয়েট স্কুল মাঠে ইশতিয়াকের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ইসতিয়াক সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় পূর্ববিরোধের জের ধরে সমবয়সী কয়েকজন ইশতিয়াককে ছুরিকাঘাতে হত্যা করে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুরে বের হওয়া মিছিলটি শহরের গাঙ্গিনারপাড় ও নতুন বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা দ্রুত ইশতিয়াককে হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি জানান।
ইশতিয়াকের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে। সে তার পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের নওমহল এলাকায় ভাড়া বাড়িতে থাকত।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গতকাল রোববার পর্যন্ত এ ঘটনায়
মামলা হয়নি। তবে পুলিশ জড়িতদের চিহ্নিত করতে সমর্থ হয়েছে।