ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়েসহ চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ভালুকা উপজেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার শিকারীকান্দা এলাকায় শাপলা আক্তার (২৬) এবং তাঁর দুই বছর বয়সী মেয়ে সুবর্ণা আক্তার নিহত হয়েছেন। তিনি জামালপুর সদর উপজেলার টেরিবাজার এলাকার বাসিন্দা। এ ছাড়া ত্রিশালে বাসচালকের সহকারী মো. হায়দার (৩০) এবং ভালুকায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবদুর রাজ্জাক (২৮) নিহত হয়েছেন। হায়দার আলীর বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতুয়াদি গ্রামে এবং আবদুর রাজ্জাকের বাড়ি ভালুকার উথুরা গ্রামে।
পিকআপ ভ্যানে করে মালামালসহ ঢাকা থেকে পরিবারসহ জামালপুর যাচ্ছিলেন শাপলা আক্তার। সকাল সাড়ে ১০টার দিকে তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শাপলা আক্তার এবং তাঁর মেয়ে সুবর্ণা আক্তার মারা যায়। শাপলার স্বামী সুমন মিয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় ট্রাকের ধাক্কায় আহত হন বাসচালকের সহকারী হায়দার। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে সকালে ভালুকা উপজেলার মেদুয়ারী বাজার এলাকায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আবদুর রাজ্জাক মারা যান। অটোরিকশার চালকসহ চারজন আহত হন। আহত ব্যক্তিদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ এবং ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন।