ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ময়মনসিংহের মুক্তাগাছা ও হালুয়াঘাট উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। এ ঘটনায় এক ট্রাকচালককে আটক করা হয়েছে। অপরদিকে মুক্তাগাছায় পৃথক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা তিন দফা সড়ক অবরোধ করায় গতকাল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে ময়মনসিংহগামী আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুক্তাগাছা উপজেলার নতুন বাজার বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই উপজেলার ঈশ্বর গ্রামের জালাল উদ্দিনের ছেলে সেলিম মিয়া (১৪) নিহত হয়। পুলিশ ট্রাকটি আটক করেছে।অপরদিকে হালুয়াঘাটের গোবরাকুড়া বন্দরে গত শুক্রবার বিকেলে কয়লা বহনকারী একটি ভারতীয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মেসার্স হাবিব এন্টারপ্রাইজ নামের একটি ডিপোতে ঢুকে পড়ে। এতে গোবরাকুড়া গ্রামের আব্বাস আলী (২৫) ও নূর হোসেন (৩০) মারা যান। এ ঘটনায় হালুয়াঘাট থানার পুলিশ ট্রাকসহ চালক ভারতের আসামের কালাপানি এলাকার শাহীদুর রহমানকে আটক করে।