ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ সদর উপজেলার বেলতলি এলাকায় গতকাল শুক্রবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ শহরের আকুয়া এলাকার আরিফ মিয়া (২৮) ও চারপাড়া এলাকার আতিকুর রহমান (২২) ও পুরোহিতপাড়া এলাকার মো. সেলিম উদ্দিন (৪৫) এবং ত্রিশাল উপজেলার কাজীর শিমলা গ্রামের সাঈদ হাসান (৪২)। দুর্ঘটনায় মিথুন (২৫) নামের এক যাত্রী আহত হয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে অটোরিকশাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মো. আরিফ এবং সাঈদ হাসান নিহত হন।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আতিকুর রহমান ও সেলিম উদ্দিনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।