ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহের ভালুকা ও হালুয়াঘাট উপজেলায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী এলাকায় সকালে ট্রাক ও শ্রমিকদের বহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মোখলেছুর রহমান (৩৮) নিহত হন।এ ছাড়া নারীসহ অপর ২৫ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে বাসযাত্রী ইউসুফ মিয়া (৩৫) মারা যান। পরে গুরুতর আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাকিব হোসেন (২৩) নামের আরেক যাত্রী মারা যান।এদিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের নাগলায় গতকাল সকালে ঢাকাগামী পাথরভর্তি ট্রাকের চাপায় জুনায়েদ মিয়া (৪) নামের এক শিশু মারা গেছে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান ও হালুয়াঘাট থানার ওসি মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।